1. »
  2. খেলার মাঠ

বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে মেসির হাসির মুহূর্ত, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:৩৪ এএম

বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে মেসির হাসির মুহূর্ত, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা। তবে পুরো ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে একটি ছোট্ট কিন্তু মজার মুহূর্ত, যেখানে হাসিতে ফেটে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক।

ভিডিওতে দেখা যায়, নিয়মিত তল্লাশির সময় এক সতীর্থের ব্যাগ থেকে একটি বার্বিকিউ লাইটার উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। সেটি জব্দ করা হলে মেসি নিজেকে আর ধরে রাখতে পারেননি এবং হাসিতে ভেঙে পড়েন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

তবে ভিডিওটি ঠিক কোন বিমানবন্দরে ধারণ করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। আর্জেন্টিনা দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে মায়ামিতে।

এদিকে মাঠের বাইরে এমন মজার মুহূর্তের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও আলোচনায় আছেন মেসি। জর্ডানের বিপক্ষে জয়ের পর ইনস্টাগ্রামে তিনি কিছু ছবি শেয়ার করে লিখেছিলেন, “আরও একটি ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলাম। আমরা এখনো দল হিসেবে খেলছি।”

তার এই বার্তায় স্পষ্ট, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।

জর্ডানের বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেন। সেই তালিকায় ছিলেন মেসিও। বিশ্বকাপের নকআউট নিশ্চিত হওয়ায় রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয় এই ম্যাচে।

ম্যাচে প্রথমার্ধে জিয়োভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে জর্ডান। এরপর ৬০ মিনিটে মাঠে নেমে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন মেসি।

চলতি আসরে তিন ম্যাচেই গোল করেছেন তিনি, মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ছয়। পাশাপাশি বিশ্বকাপে তার মোট গোল এখন ১৯, যা তাকে গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে রেখেছে।