1. »
  2. খেলার মাঠ

এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:১৯ এএম | আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:১৯ এএম

এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রথমার্ধে প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার এই একমাত্র গোলেই প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে এমবাপ্পে-ওলিসেরা ব্যস্ত রাখেন প্রতিপক্ষের রক্ষণকে, কিন্তু সেই রক্ষণ ভেদ করতে পারেননি। প্রথমার্ধে বল দখলে ফ্রান্স ছিল স্পষ্ট এগিয়ে, তবুও কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় তারা। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের খোঁজে দলে পরিবর্তন আনেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম—ব্র্যাডলি বারকোলাকে তুলে মাঠে নামান দেজিরে দুয়েকে। মাঠে নামার কিছু সময়ের মধ্যেই দলকে পেনাল্টি এনে দেন তিনি। স্পট থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপ্পে।

এই গোলে চলতি বিশ্বকাপে গোলসংখ্যায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক—দুজনেরই এখন সাতটি করে গোল। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির (২০ গোল) চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে (১৯ গোল)।

পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণে ওঠে প্যারাগুয়ে। ম্যাচের শেষ দিকে ডি-বক্সের ভেতর থেকে পরপর দুটি শট নেন এমবাপ্পে, তবে দুটিই রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্দো গিল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।