বেলিংহামের জোড়া গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম
বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে আজতেকা স্টেডিয়ামে জমে উঠল রোমাঞ্চকর লড়াই। জুড বেলিংহামের জোড়া গোল, লাল কার্ডের নাটক আর দুই দলের দুটি পেনাল্টি মিলিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। শেষ আটে থমাস টুখেলের দলের প্রতিপক্ষ নরওয়ে।
ম্যাচের শুরু থেকে স্বাগতিক সমর্থকদের উজ্জীবিত সমর্থন নিয়ে ইংল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করে মেক্সিকো। তবে প্রথম আঘাত হানে টুখেলের দলই। ৩৬তম মিনিটে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কাছ থেকে শুরু হওয়া দ্রুত কাউন্টার অ্যাটাকে ডেকলান রাইস বল বাড়ান বুকায়ো সাকার কাছে। সাকার নিখুঁত ক্রস থেকে ডাইভিং হেডে জাল খুঁজে নেন জুড বেলিংহাম।
মাত্র দুই মিনিট পরই আবার আঘাত হানে ইংল্যান্ড। এলিয়ট অ্যান্ডারসন মাঝমাঠে বল কেড়ে নিয়ে হ্যারি কেইনের কাছে দেন, আর কেইনের নিখুঁত পাস থেকে ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম।
দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্বাগতিকরা। ৪২তম মিনিটে হুলিয়ান কুইনোনেসের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমিয়ে ২-১ করে মেক্সিকো। বিরতির আগে সমতায় ফেরার আরও কিছু সুযোগ তৈরি করলেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে হেসুস গাইয়ার্দোকে বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ড ডিফেন্ডার জারেল কনসাহ। একজন কমে যাওয়ার পরপরই অবশ্য পেনাল্টি পায় ইংল্যান্ড। বক্সে অ্যান্থনি গর্ডনকে ফাউল করেন মেক্সিকান গোলরক্ষক রাউল রাঞ্জেল। স্পটকিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে চলতি বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি করেন হ্যারি কেইন, ব্যবধান দাঁড়ায় ৩-১।
একজন কম নিয়ে শেষ আধঘণ্টা রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে টুখেলের দল। ৮৩তম মিনিটে ফের নাটক—বক্সের ভেতর ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করেন হ্যারি কেইন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, আর স্পটকিক থেকে ভুল করেননি রাউল হিমেনেজ। ব্যবধান কমে দাঁড়ায় ৩-২।
শেষ কয়েক মিনিটে আজতেকা স্টেডিয়ামে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকো। কিন্তু ১০ জনের ইংল্যান্ড অসাধারণ দৃঢ়তায় রক্ষণ সামলে জয় নিশ্চিত করে। ৫ গোলের শ্বাসরুদ্ধকর এই লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যারা আগের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে চমক দেখিয়েছে।
আরও পড়ুন
- নরওয়ের কাছে হেরে জাতীয় দলকে বিদায় জানালেন নেইমার
- ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে মুখোমুখি ব্রাজিল
- উনাহির জোড়া গোলে কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউটে স্পেনের জয়
- বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে মেসির হাসির মুহূর্ত, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
- রোনালদোর গোলে নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল
- শেষ মুহূর্তের গোলে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোতে বেলজিয়াম