1. »
  2. জাতীয়

প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি ঠেকাতে সংসদে নতুন আইন পাস

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:১৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:১৯ পিএম

প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি ঠেকাতে সংসদে নতুন আইন পাস

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, অনলাইনে প্রশ্নপত্র ফাঁস এবং উত্তরপত্রের অন্যায্য মূল্যায়ন ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’। নতুন আইনে এসব অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি অনুমোদিত হয়।

নতুন আইন অনুযায়ী, অনলাইনসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড, যেখানে আগের বিধানে সর্বোচ্চ সাজা ছিল ১০ বছর। আরও কয়েকটি অপরাধের ক্ষেত্রেও সংশোধিত আইনে শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে।

এই বিলে প্রথমবারের মতো ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ বা ডিজিটাল কারসাজির আইনি সংজ্ঞা যুক্ত করা হয়েছে। পাবলিক পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, হ্যাকিং, তথ্য পরিবর্তন, সংশোধন, মুছে ফেলা বা গোপন করার মতো কর্মকাণ্ডকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।

পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহন বা বহনের চেষ্টা, এবং পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত বৈধ নির্দেশনা অমান্য করার ক্ষেত্রেও একই মাত্রার শাস্তির বিধান রাখা হয়েছে আইনে।

আইনে বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে অসদুপায়ে সহায়তার উদ্দেশ্যে তার সঙ্গে বা তার পক্ষে অন্য কারও সঙ্গে লিখিত বা মৌখিক চুক্তি করলে বা এমন চুক্তির চেষ্টা করলেও সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

সংশোধিত বিলে উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের বিরুদ্ধেও নতুন শাস্তির বিধান যুক্ত হয়েছে। কোনো পরীক্ষক ইচ্ছাকৃতভাবে উত্তরপত্র অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন করলে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। তবে এ জন্য তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া আবশ্যক।

সংশোধিত বিলে আরও উল্লেখ করা হয়েছে, কোনো শিশু এই আইনের আওতায় অপরাধ করলে তার বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন