1. »
  2. খেলার মাঠ

স্পেনের দাপটে বিধ্বস্ত ফ্রান্স, ১৬ বছর পর আবার বিশ্বকাপ ফাইনালে লা রোজা

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:৪৮ এএম

স্পেনের দাপটে বিধ্বস্ত ফ্রান্স, ১৬ বছর পর আবার বিশ্বকাপ ফাইনালে লা রোজা

ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের রক্ষণে বেঁধে রেখে দাপুটে জয় তুলে নেয় লা রোজারা।

ম্যাচের প্রথমার্ধ ছিল অনেকটাই নিয়ন্ত্রিত। তবে ২২তম মিনিটে বক্সের ভেতর লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। এরপর ম্যাচে ফেরার একাধিক চেষ্টা চালায় ফ্রান্স, তবে গোলরক্ষক উনাই সিমন ও স্পেনের রক্ষণভাগের দৃঢ়তায় সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল স্পেন। ইউরো ২০২৪ জয়ী দলটি এখন অপেক্ষায় আছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের জন্য। অন্যদিকে হারের পর বিশ্বকাপের শিরোপা প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ফ্রান্স।