1. »
  2. খেলার মাঠ

র‌্যাংকিংয়ের শীর্ষে আবারও আর্জেন্টিনা

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ০৬:২৪ এএম | আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ০৬:২৪ এএম

র‌্যাংকিংয়ের শীর্ষে আবারও আর্জেন্টিনা

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নাটকীয় জয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আলবিসেলেস্তেরা। ম্যাচে মেসির জোড়া অ্যাসিস্ট দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জয়ের ফলে শুধু ফাইনাল নিশ্চিতই হয়নি, ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট চলাকালে ২ জুলাই ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় ফ্রান্স, যারা শুরুতে ছিল তৃতীয় স্থানে। সেমিফাইনাল পর্যন্ত সেই অবস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় ফরাসিরা, ফলে তাদের শীর্ষস্থান নড়বড়ে হয়ে পড়ে।

অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা পায় অতিরিক্ত ২৬.৯০ পয়েন্ট। স্পেনও সেমিতে জিতে ৩০.৮২ পয়েন্ট অর্জন করে। তবে সামগ্রিক হিসাব শেষে আবারও র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসে মেসির দল।

হালনাগাদ শীর্ষ দশ- ১. আর্জেন্টিনা — ১৯৭০.৩৭, ২. স্পেন — ১৯৬৫.৬১, ৩. ফ্রান্স — ১৯৪৮.৯৭, ৪. ইংল্যান্ড — ১৮৮৯.৪২, ৫. ব্রাজিল — ১৮০৪.৯২৬. মরক্কো — ১৮০৩.৯৯, ৭. পর্তুগাল — ১৭৮৭.৮৫, ৮. বেলজিয়াম — ১৭৭৮.৩৬, ৯. নেদারল্যান্ডস — ১৭৭৫.৫৪ এবং ১০. মেক্সিকো — ১৭৫৪.৩০।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়ে এখন পঞ্চম স্থানে। স্পেনের কাছে হেরে ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে। এবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী রোববার আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।