ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৩৩ এএম
বিশ্বকাপ শুরুর আগে থেকেই টিকিটের চড়া দাম নিয়ে আলোচনা চলছিল। ফাইনাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই দাম এখন পৌঁছেছে রেকর্ড পর্যায়ে— সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিট।
শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং সাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৬,৪১১ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তা বিক্রি হয়ে যায়। এরপর পুনর্বিক্রয়ের বাজারে সবচেয়ে সস্তা টিকিটও পৌঁছে যায় প্রায় ১০ হাজার ডলারে— বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকার সমান।
মাঠের কাছাকাছি আসনের জন্য গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার, আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের দাম উঠেছে ৬০ হাজার ডলার পর্যন্ত, যা প্রায় ৭৪ লাখ টাকার সমান। পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র— আপার ডেকের টিকিট শুরু ১০ হাজার ডলার থেকে, লোয়ার বোলের কিছু আসন পৌঁছেছে ৩৫ হাজার ডলারে।
দর্শকদের এই ব্যাপক আগ্রহের পেছনে বড় কারণ, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। পাশাপাশি এটি মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ হিসেবেও বিবেচিত হচ্ছে— চলতি আসরে ইতোমধ্যে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসির জন্য এটি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা। জিতলে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে তারা— সবশেষ যা করেছিল ব্রাজিল, ১৯৫৮ ও ১৯৬২ সালে। অন্যদিকে স্পেন নামছে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার স্বপ্ন নিয়ে।
উল্লেখযোগ্য বিষয় হলো, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে নির্ধারিত ফিনালিসিমা ম্যাচটি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাতিল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত দুই দলের সেই লড়াই হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ— বিশ্বকাপের ফাইনালেই।
আরও পড়ুন
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- আজই কি মেসির শেষ ম্যাচ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের জয়
- বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্যে নতুন রেকর্ড
- র্যাংকিংয়ের শীর্ষে আবারও আর্জেন্টিনা
- শেষ মুহূর্তে নাটকীয় জয়, ফাইনালে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনার