1. »
  2. খেলার মাঠ

বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:২৬ এএম

বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল

বিশ্বকাপ শেষে নিজের চেহারায় পরিবর্তন এনে আলোচনায় ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চিবুকে বিশেষ সৌন্দর্যবর্ধক পদ্ধতি নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন ছবি দেখে অনেক ভক্তই তাকে চিনতে পারছেন না।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিশ্বকাপের পর ইউরোপে কিছুদিন অবকাশ কাটিয়ে ব্রাজিলে ফেরার পর ভিনিসিয়ুস গোইয়ানিয়ার একটি বিশেষায়িত ক্লিনিকে চিবুকের আকৃতি ভারসাম্যপূর্ণ করার পদ্ধতি নেন। এই প্রক্রিয়ায় বিশেষ ফিলার ব্যবহার করে চিবুক ও মুখমণ্ডলের গঠন আরও সুগঠিত ও আকর্ষণীয় করে তোলা হয়—প্রথমে মুখের বিভিন্ন অংশের পরিমাপ নিয়ে সেই অনুপাতে চিবুকের আকার নির্ধারণ করা হয়।

ব্রাজিলীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ব্রাজিলেরই খ্যাতনামা চর্মরোগ ও কসমেটিক বিশেষজ্ঞ চিকিৎসক এই পদ্ধতি সম্পন্ন করেন। গোপনীয়তা রক্ষায় প্রক্রিয়া চলাকালে সাধারণ মানুষের জন্য ক্লিনিক সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং কর্মীদের ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে শেষরক্ষা হয়নি। সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তোলা একটি ছবিসহ ভিনিসিয়ুসের একাধিক নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার আমূল বদলে যাওয়া চেহারা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ভক্তরা। অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, আগে ও পরের ছবিতে তাকে একদমই অন্য মানুষ মনে হচ্ছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেললেও নরওয়ের কাছে হেরে বাদ পড়ে ব্রাজিল; শিরোপা জেতাতে পারেননি ভিনিসিয়ুস।