৫০তম বিসিএসের লিখিত ফল প্রকাশ, ভাইভা ১১ আগস্ট
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:০৭ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:০৭ এএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় প্রকাশিত এই ফলে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ১৬৫ জন প্রার্থী, যাঁরা এখন মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেবেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষা।
কমিশনের অনুমোদনক্রমে ছয় হাজার ১৬৫ জন প্রার্থী এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন বলে জানানো হয়েছে। প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়, বরং রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।
ফলাফলে ভবিষ্যতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করেছে কমিশন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক সব তথ্য পাওয়া যাচ্ছে পিএসসির ওয়েবসাইটে।
সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ১১ আগস্ট থেকে। এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, যার ফল ঘোষণা করা হয় ১০ ফেব্রুয়ারি। সে ধাপে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন, যাঁদের মধ্য থেকেই এবার লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হলো ছয় হাজার ১৬৫ জনকে।
এর আগে গত ২৬ নভেম্বর বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭৫৫টি ও নন-ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট দুই হাজার ১৫০টি পদে নিয়োগের লক্ষ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
এবারের বিসিএসের মাধ্যমে ক্যাডারভিত্তিক নিয়োগের চিত্রে শীর্ষে রয়েছে স্বাস্থ্য ক্যাডার, যেখানে নিয়োগ পাবেন ৬৫০ জন। এরপরই রয়েছে প্রশাসন ক্যাডার, ২০০ জন নিয়োগের সুযোগ নিয়ে। তৃতীয় স্থানে শিক্ষা ক্যাডার, যেখানে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
সূত্র: ইউএনবি
আরও পড়ুন
- ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
- দেশজুড়ে ‘ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- চুরির সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
- এমপিও শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না
- জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী