ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পিএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পিএম
একের পর এক বিতর্কে কোণঠাসা হয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের মুনাফার একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার জেরে এবার সরাসরি তাঁর পদত্যাগ দাবি করেছে বিশ্বব্যাপী ফুটবল সমর্থক জোটগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্বজুড়ে ফুটবল সমর্থক সংগঠনগুলো "#InfantinOut" হ্যাশট্যাগে একটি পিটিশন চালু করে, যেখানে ইনফান্তিনোর পদত্যাগের পাশাপাশি ফিফাকে নতুন করে গড়ে তোলার দাবি জানানো হয়।
পিটিশনে বলা হয়, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা ফুটবলের প্রতি সমর্থকদের আস্থার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল, যা ফুটবল কখনো ভুলবে না।
ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই), ফুটবল সাপোর্টার্স আফ্রিকা ও উত্তর আমেরিকার ইন্ডিপেনডেন্ট সাপোর্টার্স কাউন্সিলসহ বিশ্বের প্রায় ৪০টি জাতীয় সমর্থক সংগঠন এই পিটিশনে সমর্থন দিয়েছে। ‘চেঞ্জ ডট ওআরজি’-তে প্রকাশিত এই পিটিশনে এখন পর্যন্ত সাক্ষর করেছেন ২৮ হাজার ৩২ জন।
উল্লেখ্য, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা আগেই ইনফান্তিনোর প্রতি অনাস্থা প্রকাশ করেছিল, তবে এরপরও পদ ছাড়েননি তিনি।
পিটিশনে বলা হয়, ইনফান্তিনো নেতৃত্বে গভীর ব্যর্থতা দেখিয়েছেন, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। ফিফা প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ক্ষমতার কেন্দ্রীভবন, অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও জবাবদিহিহীনতা সংস্থাটির প্রতি অবশিষ্ট আস্থাও নষ্ট করেছে বলে অভিযোগ তোলা হয়। ফিফার সংস্কারের বিশ্বাসযোগ্যতা এবং খেলাটির ভবিষ্যতের স্বার্থেই তাঁর পদত্যাগ প্রয়োজন বলে দাবি করা হয় পিটিশনে।
এর আগে ব্যর্থ ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পে সমর্থন এবং প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েও ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থকদের ক্ষোভ দীর্ঘদিনের।
তবে ফিফার সব সদস্য সংস্থা ইনফান্তিনোর বিপক্ষে নয়। ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো, কাতার (যেখানে ২০২২ বিশ্বকাপ আয়োজনের আগে তিনি বসবাস করতেন) এবং লেবানন (যারা এ বছর তাঁকে নাগরিকত্ব দিয়েছে) তাঁকে সমর্থন দিয়েছে।
তবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও প্রকাশ্যে তাঁকে সমর্থন দেয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস
- ডারউইনে জয়ের সুবাস বাংলাদেশের সামনে, লক্ষ্য মাত্র ৫৭
- তানজিদের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ
- ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করল বাংলাদেশ
- দাবানল-বিধ্বস্ত মাদ্রিদের পাশে মেসি, ৮০ হাজার ইউরো অনুদান
- ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি