1. »
  2. খেলার মাঠ

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৮:৩৬ পিএম | আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৮:৩৬ পিএম

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন বাজপাখি খ্যাত এমি মার্তিনেজ

আনুষ্ঠানিকভাবে চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা থেকে ৭৫ লাখ পাউন্ড বা প্রায় ১২৫ কোটি ৬৫ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে পাড়ি জমিয়েছেন তিনি।

পার্মা থেকে জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকি যোগ দেওয়ার পর অ্যাস্টন ভিলার একাদশে নিজের জায়গা হারিয়ে বিপাকে পড়েছিলেন ৩৩ বছর বয়সী মার্তিনেজ। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত তারা টটেনহ্যাম থেকে গুইলের্মো ভিকারিওকে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে চেলসিতে গিয়ে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ পেলেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

চেলসিতে যোগ দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে মার্তিনেজ বলেন, ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তটি তার ও তার পরিবারের জন্য সহজ ছিল এবং দ্রুত মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। জয়ী মানসিকতা নিয়ে চেলসিতে সফল হতে চান জানিয়ে তিনি বলেন, ক্লাব, সতীর্থ ও সমর্থকদের গর্বিত করতে প্রতিটি ম্যাচ ও অনুশীলনে নিজের সবটুকু উজাড় করে দেবেন।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকে দলের গোলপোস্টের নির্ভরযোগ্য প্রহরী হয়ে ওঠেন মার্তিনেজ। গত মে মাসে ভিলাকে উয়েফা ইউরোপা লিগ জেতানোর পেছনেও তার বড় অবদান ছিল। এমন সাফল্যের পরও এই মৌসুমে এদ্রি কনসা, মরগান রজার্স, ইউরি টিলেমান্স ও লুকাস দিনিয়েদের মতো তারকাদের সঙ্গে ভিলা ছাড়ার তালিকায় নাম লেখালেন তিনিও।

বিদায়ী বার্তায় অ্যাস্টন ভিলা মার্তিনেজের অবদানের কথা স্মরণ করে জানায়, ক্লাবে থাকাকালে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতেন, আর ক্লাবের ইউরোপা লিগ জয়েও তার অবদান দীর্ঘদিন মনে রাখা হবে।