1. »
  2. অপরাধ

শাহজালালে মালিকহীন ফ্লাইট থেকে ৯ কেজি সোনা জব্দ

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৬ পিএম

শাহজালালে মালিকহীন ফ্লাইট থেকে ৯ কেজি সোনা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। 

গতকাল বুধবার রাতে মালিকবিহীন অবস্থায় ৮০টি সোনার বারের এই চালান জব্দ করা হয়।

কাস্টমস হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত সোয়া ৯টার দিকে কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিমানে তল্লাশি চালাতে গিয়ে কর্মকর্তারা দেখেন, ফ্লাইটটি তখন যাত্রীবিহীন। পরবর্তীতে তল্লাশিতে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তুর সন্ধান পাওয়া যায়।

বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে খুলে দেখা যায়, ভেতরে রয়েছে ৮০টি সোনার বার। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম হিসাবে মোট ওজন দাঁড়ায় ৯ হাজার ৩৩১ গ্রাম বা প্রায় ৯ কেজি। জব্দ হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।