সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৬ পিএম | আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৯ পিএম
চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবসের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে কোনো মৃত্যুই কাম্য নয়। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে প্রায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং দেশের সব সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এসব সামগ্রীর মজুত আরও বাড়ানো হবে।
সম্ভাব্য রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত শয্যার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।
এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গত কয়েক বছরের তথ্য-উপাত্ত ও এপিডেমিওলজিক্যাল বিশ্লেষণ অনুযায়ী বৃষ্টির ধরন, উষ্ণ তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের প্রথম সপ্তাহে সাধারণত ডেঙ্গুর সংক্রমণ বাড়ে। এবারও ওই সময়ে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু