প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী রাবি শিক্ষার্থী শাকিল
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চাকরি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজন্ম দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী শাকিল হোসেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা শাকিল হোসেন দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে মেধা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন সফলভাবে শেষ করেন। তবে পড়াশোনা শেষ করার পর কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে তাকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
চাকরির আশায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছিলেন না শাকিল। একপর্যায়ে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
শাকিলের এই পরিস্থিতি ও চাকরির আকাঙ্ক্ষার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শাকিলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন শাকিল হোসেন।
নিয়োগপত্র হাতে পেয়ে শাকিল বলেন, দৃষ্টিপ্রতিবন্ধকতা কখনো তার শিক্ষাজীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তবে পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়া নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীর উদ্যোগে সেই অনিশ্চয়তা দূর হয়েছে এবং তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহিদুল আলম।
দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর শাকিলের কর্মজীবনে প্রবেশের এই সুযোগকে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
- দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
- চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
- দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল ২৭ কোটি ঘনফুট
- শিশুদের প্রতিভা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমান
- সাইবার অপরাধ ঠেকাতে সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা
- শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান