1. »
  2. সমগ্র দেশ

স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩ এএম

স্ত্রী সৌদিতে যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

স্ত্রী প্রবাসে যাওয়ার মাত্র তিনদিনের মাথায় সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরাফত আলী (৩৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে পাড়ি দেন। প্রবাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনমালিন্য চলছিল।

শুক্রবার রাতে তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান সরাফত আলী। পরে রাত ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন বলে জানা গেছে। বিষপানের পর ময়মনসিংহে থাকা এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান।

বিষয়টি জানার পর তাঁর ফুফু সরাফত আলীর ছোট ভাই রহমত আলীকে খবর দেন। পরে রহমত আলীসহ পরিবারের সদস্যরা দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরাফত আলীর অবস্থাও গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।