দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ০৭:১৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ০৭:১৫ পিএম
দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রাজধানীর হাসপাতালগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরিস্থিতি মোকাবিলায় সভা থেকে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ডেঙ্গু রোগীর চাপ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা ফিল্ড হাসপাতালটি আবার চালু করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, সভায় ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে বলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী বার্ন ইউনিটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ঢাকা মেডিকেল চত্বরে থাকা ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।
তিনি বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা আরও বাড়াতে বলা হয়েছে। রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে প্রস্তুত রাখা হচ্ছে।
নুরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর চাপ বর্তমানে ঢাকাতেই বেশি। এ কারণে রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সংকটকালেও সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া হয় না। তবে রোগীর সংখ্যা হাসপাতালের নির্ধারিত শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে চিকিৎসা নিতে আসা মানুষকে নানা সমস্যায় পড়তে হয়। সেই চাপ কমাতেই ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য হাসপাতালকেও প্রস্তুত রাখা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। মৃতদের মধ্যে ১৩২ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১২৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ২৫ জন, বরিশালে ২৪ জন, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ১৯ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ২ জন মারা গেছেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রোপণ করলেন স্বর্ণচাঁপা
- বিমানের বহরে আসছে ১১ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর
- অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান