1. »
  2. শিক্ষা

নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:০৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:০৯ পিএম

নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিক মূল্যবোধ ও উত্তম চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে সাফি মাল্টিমিডিয়া স্কুল। এরই অংশ হিসেবে বিদ্যালয়টিতে ‘জীবন ও চরিত্র গঠন’ বিষয়ে মৌখিক পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করে তাদের নৈতিক শিক্ষায় আরও উৎসাহিত করা হয়েছে।

গত ২০ ও ২১ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, আচার-আচরণ, নৈতিকতা ও জীবনবোধের বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

পরীক্ষায় মূল্যায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোসলেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মিঠু এবং নুনুজ জামে মসজিদের ইমাম আবু সাঈদ। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল ওয়াজেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক এনামুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। পরীক্ষাটি পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক তসলীম সরকার ও মিম ম্যাম।

পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে গত ১১ অক্টোবর আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন মোসলেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামুড়া-বাসুড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল্লাগাড়ি জামে মসজিদের সভাপতি আলহাজ আবু রাইহান, নুনুজ জামে মসজিদের ইমাম আবু সাঈদ, জামুড়া-বাসুড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেহাজ, একই বিদ্যালয়ের আহ্বায়ক আমিনুল ইসলাম মিলন, নুনুজ বাজারের চিকিৎসক ডা. মিতুল ইকবাল এবং শ্রীপুরের বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল সরকার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৯ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ-হেল সাফি ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহ। ৯৮ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়া। অন্যদিকে, ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নূর ইসলাম হাবিব ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তাঁরা বলেন, প্রকৃত শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ সময় অতিথিরা বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

বিদ্যালয়ের পরিচালক আব্দুল ওয়াজেদ বলেন, “শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই সাফি মাল্টিমিডিয়া স্কুলের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমাদের আরও পরিকল্পনা রয়েছে।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের মূল্যায়ন কার্যক্রম শিক্ষার্থীদের নিজেদের আচরণ সম্পর্কে সচেতন হতে, নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী হতে এবং বাস্তব জীবনে অর্জিত শিক্ষার প্রয়োগ ঘটাতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা আশা প্রকাশ করেন, সাফি মাল্টিমিডিয়া স্কুলের এ উদ্যোগ শিক্ষার পাশাপাশি এলাকায় নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।