1. »
  2. শিক্ষা

বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম

বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ভিত্তিক লেনদেন আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোড ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহককে বাড়তি কোনো ফি বা চার্জ দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে কিউআর কোডের মাধ্যমে সহজে টাকা গ্রহণ করতে পারবেন।

অর্থমন্ত্রীর মতে, কিউআরভিত্তিক লেনদেন বাড়লে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। পাশাপাশি লেনদেন হবে আরও সহজ ও দ্রুত।

তিনি বলেন, এই কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতা বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে সহজ ও নিরাপদ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই ব্যবস্থাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।