একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮ এএম | আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮ এএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তি কার্যক্রম। চূড়ান্ত ফলে মনোনীত শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
কলেজে ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে নিতে হবে। এর মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইন আবেদন নিশ্চায়নের কপি। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বরও প্রয়োজন হবে।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির ফি কলেজের ধরন, অবস্থান ও শিক্ষার মাধ্যম অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা।
এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। অন্যান্য মহানগর ও বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত কলেজে ঢাকার মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি নির্ধারিত রয়েছে।
উপজেলা ও মফস্বল এলাকার ক্ষেত্রে বাংলা ভার্সনে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
অন্যদিকে বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। এ কোটাব্যবস্থা শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
আরও পড়ুন
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী