একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ এএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি–সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফল দেখতে পারবেন। একই সঙ্গে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।
এদিকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরুর তারিখেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় তা এক দিন পিছিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদনের জন্য শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হয়েছে।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনকারীরা পছন্দক্রম পরিবর্তন করতে পেরেছেন।
ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়পত্র বা টিসি ইস্যু করে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি কিংবা এমপিওভুক্তি বাতিল হতে পারে।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি