1. »
  2. বিনোদন

বাবার ৯১ তম জন্মদিনে আবেগঘন বার্তা সালমানের, বললেন ‘বাপ তো বাপই হয়’

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পিএম

বাবার ৯১ তম জন্মদিনে আবেগঘন বার্তা সালমানের, বললেন ‘বাপ তো বাপই হয়’

বলিউড তারকা সালমান খান তাঁর বাবা ও প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের ৯১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বাবাকে ‘আসল মনস্টার’ আখ্যা দিয়ে হিন্দি চলচ্চিত্রে তাঁর অবদান ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন এই অভিনেতা। বিশেষ দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে দুজনকেই কাউবয় টুপি ও একই ধরনের পোশাকে দেখা গেছে।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় সালমান লিখেছেন, ‘বাপ তো বাপই হয়।’ পৃথিবীর সব বাবার শক্তি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পোস্টটি শেষ করেছেন তাঁদের প্রতি আল্লাহর অনুগ্রহ কামনা করে।

সেলিম খানের বয়স ৯১ বছর হলেও তাঁর ব্যক্তিত্ব ও স্বকীয়তা যে এখনো অটুট, তা তুলে ধরেন সালমান। বাবাকে ‘আসল মনস্টার’ বলে উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন, বাবাদের মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি ও দৃঢ়তা। পাশাপাশি জীবন থেকে প্রতিদিন সময় কমে আসার বিষয়টিও নিজের বার্তায় তুলে ধরেছেন এই অভিনেতা।

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সেলিম খান এক গুরুত্বপূর্ণ নাম। চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে গড়ে তোলা তাঁর জুটি ‘সেলিম-জাভেদ’ নামে ব্যাপক পরিচিতি লাভ করে। সত্তরের দশকে এই জুটি উপহার দেয় ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘শোলে’র মতো জনপ্রিয় চলচ্চিত্র। এসব সিনেমা হিন্দি চলচ্চিত্রের গল্প বলার ধরন ও নায়কের প্রচলিত ভাবমূর্তিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

আশির দশকের শুরুর দিকে সেলিম-জাভেদ জুটির বিচ্ছেদ ঘটে। এরপর দুজন আলাদাভাবে নিজেদের কর্মজীবন চালিয়ে যান। চিত্রনাট্যকার হিসেবে সেলিম খানের অবদানের পাশাপাশি তাঁর পারিবারিক পরিচিতিও বলিউডে সুপরিচিত। তিনি অভিনেতা সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের বাবা।

এদিকে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের ভবিষ্যৎ পরিবার ও সন্তান নেওয়ার ইচ্ছা নিয়ে কথা বলেন তিনি। আবেগ ভাগ করে নেওয়ার মতো একজন জীবনসঙ্গীর প্রসঙ্গ উঠলে সালমান জানান, ভবিষ্যতের কোনো এক সময়ে তিনিও সন্তান নিতে চান।