দীর্ঘ দশ বছরের পথচলায় ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:০৩ এএম | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:০৩ এএম
দীর্ঘদিনের প্রেম ও দাম্পত্যের পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ায় তৈরি হওয়া কিছু পার্থক্য থেকেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন দুজন।
রোববার রাতে নিজেদের ফেসবুক পাতায় পৃথক পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন প্রীতম ও শেহতাজ। পরে যোগাযোগ করা হলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন শেহতাজ।
প্রীতম জানিয়েছেন, প্রায় এক দশকের সম্পর্কের পর তাঁরা বৈবাহিক সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য, সময়ের সঙ্গে দুজনই বুঝতে পেরেছেন, তাঁদের মধ্যে কিছু বিষয়ে পার্থক্য রয়েছে। সে কারণে ভবিষ্যতে আলাদা পথে চলাই উভয়ের জন্য ভালো হবে বলে মনে হয়েছে।
তবে এই সিদ্ধান্ত আকস্মিকভাবে নেওয়া হয়নি বলে জানান প্রীতম। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে শেহতাজও তাঁর বক্তব্যে একই ধরনের অবস্থান তুলে ধরেছেন। তিনি জানান, দীর্ঘ পথচলার পর পারস্পরিক সম্মান বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রীতমের জন্য ভবিষ্যতেও শুভকামনা থাকবে বলে জানান তিনি।
দুজনই তাঁদের জীবনের এই পরিবর্তনকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাঁদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়। একই সঙ্গে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখাতেও অনুরোধ করেছেন তাঁরা।
কাজের সূত্রেই প্রীতম ও শেহতাজের পরিচয়। প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সময় তাঁদের পরিচয় হয়। পরে তাঁদের বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে।
প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা গেছে দুজনকে। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা।
তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিষয়টি নিয়ে কাছের মানুষদের মধ্যেও আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথকভাবে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন প্রীতম ও শেহতাজ।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে