1. »
  2. খেলার মাঠ

টেস্টে হারের ধাক্কা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচে নেমে গেল বাংলাদেশ

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:২৫ এএম

টেস্টে হারের ধাক্কা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচে নেমে গেল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায়। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের জায়গা দখল করে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ফলে সেই স্বপ্ন বড় ধরনের বাধার মুখে পড়েছে। ফাইনালে খেলার সম্ভাবনাও এখন আরও কঠিন হয়ে উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর বাংলাদেশের পয়েন্টের শতকরা হার কমে দাঁড়িয়েছে ৪৭.৬২ শতাংশে। এর আগে এই হার ছিল ৫৫.৫৬ শতাংশ। অন্যদিকে ভারতের পয়েন্টের শতকরা হার বর্তমানে ৫১.৫২। এই ব্যবধানের কারণেই বাংলাদেশের পরিবর্তে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ভারত।

এদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের সুবাদে পয়েন্টের শতকরা হার বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয়দের পয়েন্টের হার ২০.৮৩ থেকে বেড়ে ২৬.৯২ শতাংশ হয়েছে। তবে তালিকার অষ্টম স্থানেই রয়েছে দলটি।

অন্যদিকে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যবধানও কমে এসেছে। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার বর্তমানে ৩৩.৩৩।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর এখন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় অবস্থান উন্নত করতে পরের ম্যাচে ভালো ফলের বিকল্প নেই।