1. »
  2. জাতীয়

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:২৫ এএম

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপনের পাশাপাশি দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। এ জন্য পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠান উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প ও অন্যান্য অর্থনৈতিক খাতে সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পথ তৈরি হয়েছে।

এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের উদ্যোগের জন্যও চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

 

আরও পড়ুন