ডিসেম্বরের মধ্যে চুক্তি চূড়ান্তের উদ্যোগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:৩৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:৩৮ পিএম
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জানান, চুক্তির খসড়া এবং বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে তার দেশ।
বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে শিগগিরই যৌথ সমন্বয় সভা আয়োজনের কথা জানান তিনি।
রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালাসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।
এর পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে জাহাজ নির্মাণ শিল্পে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। এর মাধ্যমে বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষমতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- জলবায়ু ও নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ
- প্রাথমিকের বই সরবরাহ প্রায় শেষ, মাধ্যমিকের ২৩ প্রেসে বাড়তি নজরদারি
- সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন
- তরুণদের চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হতে হবে: রাষ্ট্রপতি
- তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী