1. »
  2. জাতীয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ এএম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ কাজের শেষ সময় ১৫ নভেম্বর নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান অনুসারে মোটরসাইকেলের সামনের অংশে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য পৃথক মাপ নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা, শোভাবর্ধন বা অতিরিক্ত অলংকরণ করা যাবে না।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা মেট্রো-ল-১১-১২২৯ উল্লেখ করা হয়েছে।

নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নির্দেশনা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।