মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৪ এএম
ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড।
বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে।
নতুন এই রণতরি মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমান এবং প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন। একই সময়ে এত বিপুলসংখ্যক মার্কিন সামরিক সদস্য ও রণতরির উপস্থিতি বেশ বিরল। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান করেছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।
মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) রণতরিটি সেন্টকমের আওতাধীন এলাকায় প্রবেশ করে। শুরুতে ইউএসএস রুজভেল্টের মাধ্যমে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপনের পরিকল্পনা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, রণতরিটি মধ্যপ্রাচ্যে পৌঁছানোর দিনই বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে এটি ইরানের প্রথম হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে তারা।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্য নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সূত্র: এপি, দ্য ন্যাশনাল
আরও পড়ুন
- হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি
- বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
- সৌদি রাজধানী রিয়াদে হুথিদের হামলার চেষ্টা, ধ্বংস ৪ ক্ষেপণাস্ত্র-ড্রোন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব
- হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ
- ইরানের সিরিক বন্দরে মধ্যরাতে একাধিক বিস্ফোরণ
- মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১