ইরানের সিরিক বন্দরে মধ্যরাতে একাধিক বিস্ফোরণ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:২৭ এএম
ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালির কাছের বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। শহরটিতে ‘শত্রুপক্ষ’ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এ হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক শহরে সামরিক ধরনের হামলার ঘটনা ঘটেছে। গভীর রাতে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনার পর হামলার খবর সামনে আসে।
তবে হামলায় কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, সিরিক কাউন্টির পূর্বাঞ্চলে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে না পারলেও কয়েকটি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে।
এদিকে সিরিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
ভৌগোলিক অবস্থানের কারণে সিরিক শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব পাশে অবস্থিত এই বন্দরনগরী। হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এটি।
ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান সংঘাতের প্রসঙ্গে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। তবে সিরিকের হামলায় কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব
- হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ
- মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১
- মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী ইরান: মার্কো রুবিও
- তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহত
- ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
- ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা