ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৫২ এএম
চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এসব বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৮ নভেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠককে বেশ আকর্ষণীয় বলে মন্তব্য করেন। তিনি জানান, বৈঠকগুলোতে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের প্রচেষ্টাও আলোচনায় গুরুত্ব পাবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, অভিযান প্রত্যাশিতভাবেই এগিয়ে যাচ্ছে। ইরানের স্থল ও নৌপথে সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ চলমান রয়েছে। এর ফলে স্থলপথে ইরানে সরবরাহ প্রবেশের সুযোগ বন্ধ হচ্ছে। একইভাবে নৌ অবরোধের মাধ্যমেও জলপথে সরবরাহ বন্ধ রাখার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
এদিকে আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের প্রযুক্তিনগরী শেনজেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এপেক নেতাদের সম্মেলন। এতে অংশ নিতে চীন সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। সম্মেলনের পাশাপাশি পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেকের সদস্য ২১টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়া। সদস্য দেশগুলোর নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হয়ে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
- ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা
- জার্মানিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৯, আহত অন্তত ১৬
- নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- ইরানে একাধিক বিস্ফোরণ, দুই তেলবাহী ট্যাংকারে আগুন
- হুথিদের ৪৪০ যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
- জীবনযাত্রার ব্যয় কমানো ও ইরান যুদ্ধ বন্ধে কাজ করবে ডেমোক্র্যাটরা : শুমার
- রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধ: ট্রাম্প