1. »
  2. আন্তর্জাতিক

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা

ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটির ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

গতকাল রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইরাকি ও কুর্দি কর্মকর্তারা।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের সঙ্গে এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে খোর মোর গ্যাসক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ জানান, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের উৎপাদন সক্ষমতা ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট পর্যন্ত কমে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল, পানি শোধনাগারসহ জরুরি সেবামূলক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওমিদ আহমেদ। এ জন্য জলবিদ্যুৎকেন্দ্র এবং বিকল্প জ্বালানিতে পরিচালিত অন্যান্য বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকবাহী একটি ড্রোন খোর মোর গ্যাসক্ষেত্রের গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানে। এতে বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে যায়।

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক তদন্ত ও মূল্যায়নে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরও একই গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। তবে ওই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এবারের হামলার পর নতুন করে অঞ্চলটির জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।