রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
তবে এই সংযোগের মধ্য দিয়ে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এর আগে জানিয়েছিলেন, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার মূল উদ্দেশ্য হলো উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষার অংশ হিসেবে প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নিয়ে আবারও গ্রিডে যুক্ত করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে। আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। তবে চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য ত্রুটি ও কারিগরি জটিলতা শনাক্ত করতেই এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপের সাহায্যে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হয় বিদ্যুৎ। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি মোট সক্ষমতার মাত্র ৩ শতাংশ ব্যবহার করে পরিচালিত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে নিয়মিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।
এরপরও কেন্দ্রটির নিরাপত্তা, কারিগরি কার্যক্রম ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন পরীক্ষা চলবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক উৎপাদনের সব ধাপ সফলভাবে শেষ হওয়ার পরই শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ সংযোগের সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্থাটির ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর সরেজমিন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এ মূল্যায়ন তুলে ধরা হয়।
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনেরও পরিকল্পনা করছে সরকার। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশ নিতে পারেন। এ কারণে ২১ নভেম্বরের আগে অথবা পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির পথ তৈরি হচ্ছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর কেন্দ্রটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে পারমাণবিক জ্বালানির অধিকারী দেশের তালিকাতেও বাংলাদেশের নাম যুক্ত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।
প্রথম ইউনিটের পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী বছর দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করা হতে পারে। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি লোডশেডিং কমানো এবং জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হবে। তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, প্রকল্পের মেয়াদ বাড়লেও ইউরো বা ডলারে ঠিকাদারি ব্যয় বাড়েনি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বাংলাদেশি মুদ্রায় প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার
- বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
- চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান
- কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন
- শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় নিজেদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১৫ আগস্ট হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল: রিজভী
- শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
- অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা