1. »
  2. জাতীয়

১৫ আগস্ট হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল: রিজভী

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম

১৫ আগস্ট হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল: রিজভী

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যাকাণ্ডে বাকশালের একটি অংশ জড়িত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা অরক্ষিত অবস্থায় ছিল। ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে সেই স্বাধীনতা সুরক্ষিত হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন করা হয়েছিল এবং মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা পুনরুদ্ধার হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী।