রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:০১ এএম | আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:০১ এএম
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে তিনটি লরিতে বহন করা জ্বালানির গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো পথে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে গাড়িবহরটি উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দাশুড়িয়া ট্রাফিক মোড় অতিক্রম করে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বহরটিকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়।
এ নিয়ে রূপপুর প্রকল্পে মোট সাতটি চালানে পারমাণবিক জ্বালানি পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালান ছিল। সর্বশেষ চালানটি দ্বিতীয় ইউনিটের সপ্তম চালান।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে দেশে পৌঁছানোর কথা রয়েছে এসব পারমাণবিক জ্বালানি।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এরই মধ্যে গত ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সমন্বয় সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষায় বিনিয়োগ জরুরি: শিক্ষামন্ত্রী
- মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে
- তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে সফল অস্ত্রোপচার
- বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
- চার দেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান