1. »
  2. জাতীয়

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:১৯ পিএম | আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:১৯ পিএম

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. খলিলুর রহমান বলেন, আইসিজের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, অবাধ চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করে ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়টি তুলে ধরেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন আদালত। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণও রায়ে উঠে এসেছে। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

রোহিঙ্গাদের জাতিগত পরিচয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মিয়ানমারের সঙ্গে এই জনগোষ্ঠীর সম্পর্ক বহু প্রজন্মের। তাই এ রায় শুধু বিচারিক সিদ্ধান্ত নয়, রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

ড. খলিলুর রহমান বলেন, কোনো রায়ই নিহতদের ফিরিয়ে আনতে কিংবা অতীতের সব ক্ষত মুছে দিতে পারবে না। তবে সত্যের স্বীকৃতির মধ্য দিয়েই ন্যায়বিচারের সূচনা হয়। এ রায়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।

সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ফুটবল মাঠে ২০ হাজারের বেশি রোহিঙ্গা জড়ো হন। তাঁদের অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। আইসিজের রায়ের পর জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির কাছে নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন রোহিঙ্গারা।