পাপনসহ বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ১২:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ ১২:৩৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী বিনা নোটিশে পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) নতুন সভাপতি ফারুক আহমেদের অধীনে বিসিবির পঞ্চম বোর্ড সভায় তাদের সদস্যপদ বাতিল করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।
এ ছাড়া এ দিনের বোর্ড সভায় আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।
এদিকে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো মারা যাওয়ায় আরও একটি পদ শূন্য হয়েছে। সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এদিন বোর্ড সভায় বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন নাজমুল আবেদীন। বিসিবির বর্তমান গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেবে কমিটি।
এ ছাড়াও আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে। প্রকাশ করা হয়েছে বিপিএলের নতুন সূচি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর, শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি