নির্বাচন ঘিরে সরকারের কঠোর বিধিনিষেধ, আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ০১:৫০ পিএম | আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ০১:৫০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সব বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সঙ্গে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রেও অস্ত্র প্রদর্শন নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৈধ অস্ত্র জমা ও বহনে নিষেধাজ্ঞা একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে সহিংসতা ও ভয়ভীতির আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমবে।
নির্বাচনী নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অস্ত্র নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভোটের পরিবেশ আরও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে। তবে তারা মাঠপর্যায়ে কঠোর তদারকি ও নজরদারি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
আরও পড়ুন
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
- আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান