1. »
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত শতাধিক

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫২ এএম | আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫২ এএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত শতাধিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার পর পরিচালিত অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় ১৫ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, শনিবার (৩১ জানুয়ারি) ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের সন্ত্রাসী সংগঠন কোয়েটা, মাসতুং, নুশকি, খারান, পানজগুর, গ্বাদর ও পাসনিসহ বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালায়। এসব হামলায় নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করা হয় বলে দাবি করা হয়েছে।

হামলার পর নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বেলুচিস্তানজুড়ে ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান শুরু করে। অভিযানে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯২ জন সন্ত্রাসী নিহত হয়।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা বিভিন্ন স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার দাবি করেছে।

পরিস্থিতির প্রেক্ষিতে কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেহবাজ জানান, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

তথ্যসূত্র: জিও নিউজ