২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৬ এএম
দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী রোববার রাতেই খুলনায় পৌঁছান।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, আজ বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে করে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। এ জনসভায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা প্রকাশ করেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। এতে বৃহত্তর খুলনার ১৪টি সংসদীয় আসনের প্রার্থীসহ কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী এবং নেতাকর্মীরাও জনসভায় অংশ নেবেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একের পর এক কর্মসূচি ও নিরবচ্ছিন্ন ব্যস্ততার কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি এ সফরে সম্মত হয়েছেন। এ জন্য খুলনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে এবং বিপুল উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে।
খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের এই জনসভা কেবল একটি নির্বাচনী সমাবেশ নয়; বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা শুনতে কর্মীরা আগ্রহভরে অপেক্ষা করছেন।
এদিকে তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। খালিশপুর প্রভাতী স্কুল মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ, সমাবেশস্থলের ভেতর ও বাইরে এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, র্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। শহরের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘আজ খুলনার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং সাধারণ যানবাহন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না। তবে জনসমাগম বেশি হওয়ায় সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসী ও সমাবেশে আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।’
আরও পড়ুন
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত দেশের পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমেদ
- ‘একটি দল নারীদের কলঙ্কিত আখ্যা দিয়ে ঘরবন্দি করতে চায়’ : তারেক রহমান
- খুলনার জনসভাস্থলে পৌঁছেছেন তারেক রহমান
- বিকাশ নম্বর দেবেন না, স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল
- বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন : তারেক রহমান
- ক্ষমতায় গেলে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি: মাহদী আমিন