1. »
  2. রাজনীতি

বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৬ পিএম | আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:১৬ পিএম

বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির নির্ধারিত নির্বাচনী সমাবেশ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। তবে পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ওই সময়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে যে বড় জনসভা আয়োজনের পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

রিজভী বলেন, ‘৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।’

এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী ঘোষণা দিয়েছিলেন, আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে দলের সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।