দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করা ঘোষণা জামায়াত আমিরের
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪১ পিএম | আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শফিকুর রহমান লেখেন, গত কয়েক মাসে অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন; কেউ সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন, আবার কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনের ফলাফলে কেউ হতাশ হতে পারেন—এ কথা স্বীকার করে তিনি বলেন, এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে এবং দলটি আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। “এটি কোনো ধাক্কা নয়, এটি একটি ভিত্তি”—যোগ করেন তিনি।
রাজনীতির গতিপথ পরিবর্তনশীল উল্লেখ করে জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের যাত্রা। তিনি উদাহরণ টেনে বলেন, একসময় বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল, পরে দীর্ঘ সময় পর আবার সরকার গঠনের পথে এগিয়েছে। তাই বিশ্বাস অর্জন, আত্মসমালোচনার সক্ষমতা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি—এই তিনটিকেই তিনি গুরুত্ব দেন।
নেতৃত্বের প্রকৃত পরীক্ষা কেবল নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয় তার ওপর নির্ভর করে—এ কথাও তুলে ধরেন তিনি।
পোস্টে আরও বলা হয়, জামায়াতের আন্দোলন কোনো একক নির্বাচনকেন্দ্রিক নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। সংসদে একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শফিকুর রহমান।
আরও পড়ুন
- আমরা একত্রে গণতন্ত্র ফিরিয়েছি, ঐক্যবদ্ধভাবে শান্তিময় দেশ গঠন করব: তারেক রহমান
- বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল
- ঢাকা-১৭ আসনে এক আসনের ফল প্রকাশ, এগিয়ে তারেক রহমান
- উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগের আহ্বান তারেক রহমানের
- একটি রাজনৈতিক দল যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : সালাহউদ্দিন আহমেদ
- নির্বিঘ্নে ভোট হলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান
- গুলশান মডেল স্কুলে ভোট দিলেন তারেক রহমান