আমরা একত্রে গণতন্ত্র ফিরিয়েছি, ঐক্যবদ্ধভাবে শান্তিময় দেশ গঠন করব: তারেক রহমান
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৫ পিএম | আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রতিহিংসা নয়, জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনে ভিন্ন দল ও মতের মধ্যে বিরোধ থাকতেই পারে, তবে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়। “আমরা যেমন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়েছি, তেমনি দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করব,”—বলেন তিনি।
তিনি সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবার ভূমিকা প্রয়োজন। জামায়াত, এনসিপিসহ নির্বাচনে অংশ নেওয়া সব দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ গঠনের প্রশ্নে সবাই এক। “ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দেশের জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণ বিএনপিকে সুযোগ দিয়েছে—এখন জনগণের আস্থার প্রতিদান দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র অনুপস্থিতিকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব জাতি স্মরণ করবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ নির্যাতন-নিপীড়নের পরও তারা গণতন্ত্রের লড়াই থেকে সরে দাঁড়াননি। এখন দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের সময়।
বিজয় উদযাপনে সংযম দেখানোর কথাও তুলে ধরে তিনি জানান, উসকানি এড়াতে সারাদেশে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছে। দল-মত নির্বিশেষে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না এবং দুর্বলের ওপর আক্রমণ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
তারেক রহমান বলেন, সামনে পথ চ্যালেঞ্জিং হলেও একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে এবং ভবিষ্যতে যেন আর কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হবে।
আরও পড়ুন
- দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করা ঘোষণা জামায়াত আমিরের
- বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল
- ঢাকা-১৭ আসনে এক আসনের ফল প্রকাশ, এগিয়ে তারেক রহমান
- উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগের আহ্বান তারেক রহমানের
- একটি রাজনৈতিক দল যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : সালাহউদ্দিন আহমেদ
- নির্বিঘ্নে ভোট হলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান
- গুলশান মডেল স্কুলে ভোট দিলেন তারেক রহমান