1. »
  2. জাতীয়

জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ০১:৩৯ পিএম | আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ০৮:৪১ পিএম

জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন

দেশে জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন জেলার ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

এর মধ্যে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে অননুমোদিত মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এ অবস্থায় বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।

ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিট সদর দপ্তর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত তদারকি চলছে।

বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করছেন। ডিপো এলাকায় তাদের দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে।