বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০৫:২৯ পিএম | আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০৫:২৯ পিএম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ কারণে বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, সরকারের মাত্র তিন মাসের মধ্যে এই বাজেট প্রণয়ন করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। বাজেট তৈরিতে সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদও জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থা ও অন্তর্বর্তীকালীন পরিস্থিতির পর এবারের বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। প্রতিটি মানুষকে উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং নৈতিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। অপচয় রোধে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বাজেট প্রণয়নের নীতি ও দর্শন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হয়েছে।
তিনি বলেন, অতীতে অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতাভিত্তিক, যেখানে কিছু গোষ্ঠী সুবিধা পেলেও অনেক মানুষ পিছিয়ে ছিল। এবারের বাজেটে সেই বৈষম্য কমিয়ে সব শ্রেণির মানুষের জন্য সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বিভিন্ন খাতে বরাদ্দ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে এবং বাস্তবায়নের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড়। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, যার আকার দেশের মোট দেশজ উৎপাদনের ১৩ দশমিক ৭ শতাংশ।
আরও পড়ুন
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী
- মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদে মন্ত্রিপরিষদের বিশেষ সভা শুরু
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী
- দেশের অর্জিত গৌরব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর