1. »
  2. জাতীয়

বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ১১:১৯ এএম

বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথমবারের মতো দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন। এদিন বেলা ১১টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন