উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ এএম
রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মিজানুর রহমান মিনু। হাসপাতালের শয্যায় থেকেও রাজশাহীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন ভূমিমন্ত্রী। পরদিন তাঁর অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন তিনি।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মিজানুর রহমান মিনু লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁকে দেখতে বুধবার রাতে রামেক হাসপাতালে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরাও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
আরও পড়ুন
- দাম্মাম রুটে বিমানের যাত্রা শুরু
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা
- কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
- চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পানি সংকট নিরসনে দ্রুত পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী
- খুলনার সেই খান সাইফুল এখন সুস্থ, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান