বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ এএম
বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের কাছে জাপানের বিশেষ গুরুত্ব রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষা দুই দেশের বন্ধুত্বকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের দেশগুলোর মধ্যে জাপান অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে দেশটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। আর্থসামাজিক অগ্রগতি থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ—বিভিন্ন ক্ষেত্রে জাপানের অবদান রয়েছে। দীর্ঘদিনের এই সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
এসব খাতের মধ্যে রয়েছে জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, রেল যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, গভীর সমুদ্রবন্দর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র এগিয়ে নিতে সফরকালে একাধিক সমঝোতা স্মারক বিনিময় করা হয়েছে বলে জানান তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্ত ও দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলো যৌথ বিবৃতির মাধ্যমে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাপানের বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশে নতুন সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ রয়েছে। দেশের উন্নয়নের পরবর্তী ধাপে জাপানি প্রতিষ্ঠানগুলোকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের মতে, উৎপাদনশীল বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান এবং উভয় পক্ষের জন্য লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও কার্যকর করা সম্ভব।
তিনি বলেন, দীর্ঘদিনের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-জাপান অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে দুই দেশকে একযোগে কাজ করতে হবে। এর মধ্য দিয়ে উভয় দেশের জন্য আরও স্থিতিশীল, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে
- দাম্মাম রুটে বিমানের যাত্রা শুরু
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা
- কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
- চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পানি সংকট নিরসনে দ্রুত পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী