1. »
  2. জাতীয়

আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী

রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৭:০৫ পিএম | আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৭:০৫ পিএম

আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আফরোজা খানম রিতা বলেছেন, সারা দেশ তথা মানিকগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হলে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

রবিবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার বিকল্প নাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।  

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা সরকারের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি  অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। তবেই সরকারের লক্ষ্য উদ্দেশ্য কার্যকর হবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, অপরাধ দমন, নারী ও শিশু সুরক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে রাস্তা ঘাট মেরামত করার প্রতি জোর দাবি জানান বক্তারা।

বক্তারা জেলার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।