1. »
  2. জাতীয়

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:১৭ এএম | আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ০১:৪৮ পিএম

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।

সরকার জানিয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া খেলোয়াড়দের মধ্য থেকে বিভিন্ন ডিসিপ্লিনে কৃতিত্বের ভিত্তিতে এ সুবিধা দেওয়া হচ্ছে। অন্তর্ভুক্ত খেলাগুলোর মধ্যে রয়েছে আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, ফুটসাল, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টন। পাশাপাশি প্যারা-অ্যাথলেটদেরও বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এই উদ্যোগের লক্ষ্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারগুলোকে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা। তিনি বলেন, খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠিত হলে পরিবারেও স্থিতিশীলতা আসবে।

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হয়েছে। খুব শিগগিরই আরও খেলোয়াড় যুক্ত করা হবে এবং প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারি তথ্য অনুযায়ী, সকল খেলোয়াড় সমান হারে ভাতা পাবেন। নির্দিষ্ট অঙ্ক উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণা করা হবে। প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে খেলোয়াড়দের অগ্রগতি পর্যালোচনা করা হবে, যা তাদের আরও ভালো করতে উৎসাহিত করবে।

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হয়েছে এবং সব ডিসিপ্লিনকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।