কুষ্টিয়া মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পিএম
কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওরে গুরুতর অসুস্থ অবস্থায় আট দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে পরিবার সেটি করতে পারেনি।
এদিকে, স্বজনদের অভিযোগ—দায়িত্বে অবহেলা ও সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
তারা জানান, রাত আড়াইটার পর থেকে শিশুটির শ্বাসকষ্ট বাড়তে থাকে। অক্সিজেন নেওয়ার পরও অবস্থার অবনতি হলে ডিউটি নার্সদের বারবার ডাকা হয়, কিন্তু দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যায়নি।
তাদের দাবি, রাত ৩টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চিকিৎসক ও নার্সদের পাওয়া যায়নি। পরে অন্যান্য রোগীর স্বজনদের সহায়তায় ডাকাডাকি করলে কর্তব্যরতরা এসে পৌঁছান। এরপর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় এবং তিন দিন আগে তার অবস্থা আরও খারাপ হলে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবার তা করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আরও পড়ুন
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন
- হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
- হাম পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও দুই-তিন সপ্তাহ
- হাম সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘন্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার