1. »
  2. জাতীয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আকাশপথে অনিশ্চয়তা বাড়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) নতুন করে এসব ফ্লাইট বাতিলের ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫-এ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা জটিল হয়ে পড়ায় শারজা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন আরও ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার শারজা রুটের আসা-যাওয়ার ২টি এবং সালাম এয়ারের মধ্যপ্রাচ্যগামী ও ফিরতি ২টি ফ্লাইট বাতিল হয়েছে।

তবে সবকিছু বন্ধ হয়ে যায়নি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই দিন বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৯টি আগমন (অ্যারাইভাল) এবং ৬টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট পরিচালিত হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এমন অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।